যতই কর হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় বাজেটকে ধিক্কার জানিয়ে এবং রাজ্য বাজেটকে স্বাগত জানিয়ে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকে অনুষ্ঠিত হল এক বিশাল মহা মিছিল।
নামখানা ব্লকের অন্তর্গত পাঁচখানা পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী-সমর্থক। মিছিলটি নামখানা ব্লকের বিভিন্ন এলাকা অতিক্রম করে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে অগ্রসর হয় এবং গোটা এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দেয়।
এই মহা মিছিলের নেতৃত্ব দেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস, তাঁর সঙ্গে ছিলেন নামখানা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমন্ত কুমার মালিক। এছাড়াও মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন নামখানা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলকারীরা কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং রাজ্য সরকারের জনমুখী বাজেটের প্রশংসা করেন।
বক্তৃতায় তৃণমূল নেতৃত্বরা বলেন, কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও যুব সমাজের জন্য বিশেষ কোনও দিশা নেই। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণীত রাজ্য বাজেট মানুষের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, শিক্ষা ও সামাজিক সুরক্ষা প্রকল্পের মতো নানা জনকল্যাণমূলক উদ্যোগ রাজ্য বাজেটকে আরও শক্তিশালী করেছে বলে তাঁরা দাবি করেন।
এই মহা মিছিলের মাধ্যমে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পক্ষে জনমত গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। গোটা নামখানা ব্লক জুড়ে এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours