১১৭ নম্বর জাতীয় সড়কে নিরাপদ যাতায়াত ও যানজটমুক্ত পরিবেশ গড়ে তুলতে বিশেষ অভিযানে নামল সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ ট্রাফিক বিভাগ। মঙ্গলবার কাকদ্বীপ চৌরাস্তা থেকে পাকার পোল পর্যন্ত দীর্ঘ রাস্তায় ফুটপাত দখলদারি হটাতে এই প্রচার ও অভিযান চালানো হয়। পথচারীদের জন্য সুগম রাস্তা নিশ্চিত করতেই পুলিশের এই বিশেষ তৎপরতা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কাকদ্বীপ চৌরাস্তা থেকে পাকার পোল পর্যন্ত জাতীয় সড়কের দু’পাশে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিলেন বহু মানুষ। এর ফলে সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছিল। ব্যস্ততম এই জাতীয় সড়কে এর ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। সাধারণ যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এদিন ট্রাফিক পুলিশ ব্যবসায়ীদের সতর্ক করে এবং ফুটপাত খালি করার নির্দেশ দেয়।
এদিনের অভিযানে ট্রাফিক আধিকারিকরা রাস্তার দু’ধারের ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেন যে, ফুটপাত পথচারীদের হাঁটার জন্য, ব্যবসার জন্য নয়। কেবল ব্যবসায়ীদের সরানোই নয়, মানুষের নিরাপদ যাতায়াতের জন্য রাস্তা কতটা প্রশস্ত হওয়া প্রয়োজন, সেই বিষয়েও সচেতন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই নজরদারি বজায় থাকবে যাতে পুনরায় ফুটপাত দখল না হয়।
কাকদ্বীপের বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, ফুটপাত দখলমুক্ত হলে কেবল যানজটই কমবে না, বরং স্কুলের পড়ুয়া ও বয়স্কদের যাতায়াত অনেক নিরাপদ হবে। সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের এই ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours