জল জীবন মিশনের টাকা আটকে দেওয়ার অভিযোগে বারে বারে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।
এবার সেই আবহে বকেয়া পাওনার অভিযোগে ক্ষোভে ফুটছে ঠিকাদাররা। দেড় বছরেরও বেশি সময় ধরে পেমেন্ট বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন পিএইচই দফতরের ঠিকাদারেরা। তাঁদের দাবি, সারা রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের বকেয়া প্রায় ৬ হাজার কোটি টাকা হলেও বহুবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে গতকাল কাকদ্বীপের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সহকারী বাস্তুকারের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন জেলার একাধিক ঠিকাদার। পরে তাঁরা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।
ঠিকাদারেরা স্পষ্ট জানান, কেন্দ্র-রাজ্যের দোষারোপে তাঁরা যেতে চান না। যেহেতু ওয়ার্ক অর্ডার দিয়েছে রাজ্য সরকার, তাই দ্রুত পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। কাজ সম্পূর্ণ করার পরও টাকা না পাওয়ায় শ্রমিকদের মজুরি দেওয়া, উপকরণের বিল মেটানো এবং সংস্থার দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী ১ ডিসেম্বর সল্টলেকে দফতরের প্রধান কার্যালয়ের সামনে বৃহত্তর আন্দোলনে নামবেন। এরপরও সমাধান না মিললে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দ্বারস্থ হবেন তাঁরা।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours