ভুয়ো ল ক্লার্ক ধরা পড়লো রায়দিঘিতে!
রায়দিঘি থানার পুলিশ এক চাঞ্চল্যকর ঘটনায় ভুয়ো ল ক্লার্ক ধরা পড়েছে। অভিযুক্ত নিজেকে আলিপুর আদালতের ল ক্লার্ক পরিচয় দিয়ে থানায় উপস্থিত হয়। ৩০ বছরের যুবক। বাড়ি ক্যানিং থানার নারায়ণগড় এলাকায়। থানার অফিসারদের কাছে তিনি নিজেকে ল ক্লার্ক বলে পরিচয় দেন। তবে পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় তাকে প্রথমে আটক করা হয়।
পুলিশ তার মানিব্যাগ তল্লাশি করে ভুয়ো ল ক্লার্ক পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রে আলিপুর আদালতের ল ক্লার্ক হিসেবে তার পরিচয় দেওয়া ছিল। পুলিশ আরও খতিয়ে দেখে বুঝতে পারে এটি জাল নথি। এরপর রায়দিঘি থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। সোমবার তাকে ডায়মন্ড হারবার আদালতে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ক্যানিংয়ের ওই যুবকের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ ও ওঠেছে। অভিযুক্ত প্রতারণা করায় জেলে ও গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় ভুয়ো পরিচয়ে কাজ করার ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযুক্তের স্ত্রী বলেন, “আমার স্বামী আগে উকিলদের সঙ্গে কাজ করতেন। সে কাজের সূত্রেই আদালতে যাতায়াত করত।” তবে এই ঘটনার সঙ্গে তার সম্পর্ক আছে কিনা তা নিয়ে পুলিশ এখনও অনুসন্ধান চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো পরিচয়ে সরকারি বা বিচার বিভাগীয় প্রতিষ্ঠানে প্রবেশ করা একটি গুরুতর অপরাধ। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তার পেছনে থাকা চক্রের খোঁজও শুরু হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত প্রকাশ করা হবে।
এই ঘটনার পর স্থানীয় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। নাগরিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। রায়দিঘি থানার পুলিশ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং পরিচয় যাচাই ছাড়া কাউকে বিশ্বাস না করার অনুরোধ করেছে।


Post A Comment:
0 comments so far,add yours