আমতলার যানজট সমস্যা মেটাতে এবার বড়সড় পদক্ষেপের পথে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও ডায়মন্ড হারবার পুলিশ জেলা। আজ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে আমতলার ফুটপাত থেকে সমস্ত অবৈধ হকার ও দখলদারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার হয়ে কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও নামখানার দিকে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ আমতলা। ফলে সকাল থেকে অফিস টাইম এবং বিকেলের ব্যস্ত সময়ে দীর্ঘ যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। উপকূলীয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক হওয়ায় আমতলার যানজটের প্রভাব পড়ে গোটা পরিবহণ ব্যবস্থাতেই।
এই পরিস্থিতিতে যানজটের স্থায়ী সমাধানের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং প্রশাসন-পুলিশের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে ‘অপারেশন ক্লিনিং আমতলা’।
আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার থেকে ধাপে ধাপে শুরু হবে অভিযান। প্রথম পর্যায়ে আমতলার ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায়ে PWD-এর জমি বা রাস্তার অংশ দখল করে থাকা স্থায়ী অবৈধ নির্মাণ ও দোকানঘর আইনানুগভাবে অপসারণ করা হবে। এরপর দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ফোর-লেন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমতলা আরও পরিষ্কার, নিরাপদ এবং যানজটমুক্ত হবে বলেই আশা।


Post A Comment:
0 comments so far,add yours