পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রামপঞ্চায়েতের ক্ষেত্রমোহনপুর মৌজার শৈল্যজা সংলগ্ন এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল দুর্গা দাস (৫০) নামে এক মহিলার। তাঁর স্বামীর নাম অদিত্য দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পূজার্চনার জন্য বাড়ির বাইরে ফুল তুলতে গিয়েছিলেন দুর্গা দাস। সেই সময় আচমকাই বজ্রপাত হয়। পরে তাঁর বাড়ির বৌমা ফুল গাছের ধারে তাঁকে পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব মান্না বলেন, “পূজার্চনা করার পূর্বে বাড়ির বাইরে ফুল তুলতে যাওয়ার পর একটি বাজ পড়ে। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।”
এরপর দুর্গা দাসের স্বামী অদিত্য দাস পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে ব্রজবল্লভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুর্গা দাসের আকস্মিক মৃত্যুতে শোকাহত স্থানীয় বাসিন্দারাও।
পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রামপঞ্চায়েত থেকে পূর্ণব্রত হাজরা Kakdwip.com


Post A Comment:
0 comments so far,add yours