​​সরকারি অর্থ তছরুপ, নদী বাঁধ নির্মাণে অনিয়ম এবং আম্ফান পরবর্তী ত্রাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সাগর ব্লকের ধসপাড়া সুমতিনগর–২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপিন পড়ুয়াকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার পঞ্চায়েত কার্যালয়ে উপপ্রধান উপস্থিত থাকাকালীন এই বিক্ষোভ শুরু হয়। 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপপ্রধানকে নিরাপদে উদ্ধার করে।
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় একনায়কতান্ত্রিকভাবে প্রভাব বিস্তার করে আসছেন বিপিন পড়ুয়া। অতীতে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি তৃণমূলে যোগ দেন এবং ক্ষমতার অপব্যবহার করে নিজের আধিপত্য বজায় রাখেন। আম্ফানের পুনর্গঠন কাজ, সরকারি তহবিল তছরুপ, স্বজনপোষণ এবং জোর করে চাঁদা আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 


এছাড়া ভোটের সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোটদানে বাধ্য করার অভিযোগও তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা না মেলায় অবশেষে তাঁরা এই পথ বেছে নেন। ​এদিকে বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাগর মণ্ডল–২-এর সভাপতি ভোলানাথ মাইতি এবং সাধারণ সম্পাদক রবীন গুড়িয়া। তাঁরা উপপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার উন্নয়নমূলক কাজগুলি অবিলম্বে স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনার দাবি জানান। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours