রাজ্য জুড়েই সাড়ম্বরে পালিত হচ্ছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। "আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ"— এই বার্তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর এবং পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে নানান সচেতনতামূলক কর্মসূচি। 


তারই অঙ্গ হিসেবে নামখানা থানার পক্ষ থেকে শিবনগর আবাদ কাঁকড়া বুড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হলো এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল নামখানা থানা এলাকার বিভিন্ন প্রান্তে গণপরিবহনের কাজে যুক্ত চালক ও পরিবহন কর্মীদের শারীরিক পরিস্থিতি যাচাই করা। কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মন্ডল এবং সাগর এসডিপিও সুমন কান্তি ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই সুরজিৎ সাধুখাঁ, ট্রাফিক ইন্সপেক্টর সন্দীপ মল্লিক এবং নামখানা থানার ওসি প্রলয় ধর।

স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে চালকদের উদ্দেশ্যে বিশেষ পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়। ওভারটেক না করা, ট্রাফিক সিগন্যাল ও আইন মেনে চলা, সীমাতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গাড়ি চালক ও সাধারণ মানুষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours