ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর। অমাবস্যার কোটালের প্রভাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং প্রবল ঢেউয়ের আঘাতে কপিল মুনির আশ্রমের সামনে সমুদ্রের বাঁধে বড়সড় ধস নেমেছে। বর্তমানে আশ্রমের সম্মুখভাগ থেকে ১ থেকে ৫ নম্বর ঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এই ভাঙন স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড—পর্যটন ব্যবসাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের কবলে পড়ে গঙ্গাসাগরের এই বাঁধ। বারবার প্রশাসনিক দপ্তরে স্থায়ী সমাধানের আবেদন জানানো হলেও, এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেবল সাময়িক মেরামতির আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে প্রশাসন।
ব্যবসায়ীদের কথায়, “সাময়িক মেরামতিতে কাজ হচ্ছে না। ভাঙন রুখতে দরকার বিজ্ঞানসম্মত ও টেকসই ব্যবস্থা।” আসন্ন বিপদের কথা মাথায় রেখে, স্থানীয়রা নতুন সরকারের কাছে দ্রুত কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
পুণ্যার্থীদের প্রধান গন্তব্য ও ঐতিহাসিক এই স্থানের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন এখন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সাগরদ্বীপবাসী।


Post A Comment:
0 comments so far,add yours