নিজস্ব সংবাদদাতা, কুলপি:
দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের প্রত্যন্ত গ্রাম রাঙাফলার মেয়ে নাফিসা খাতুন আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে গড়লেন নতুন ইতিহাস। চীনের অর্ডোসে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মহিলাদের ৪×৪০০ মিটার রিলে ইভেন্টে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করে স্বর্ণপদক জয় করেছে। সেই স্বর্ণজয়ী দলের অন্যতম সদস্য নাফিসা খাতুন।

ভারতীয় দল ৩ মিনিট ৩৩.৬২ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করে। নাফিসার এই অসাধারণ সাফল্যে আনন্দে মেতে উঠেছে তাঁর গ্রাম রাঙাফলা। পরিবার, প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা ফুল, মালা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন এই কৃতী কন্যাকে।
অভাব-অনটন ও নানা প্রতিকূলতার মধ্যেও কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য মানসিক শক্তিকে সম্বল করে নাফিসা আজ দেশের অন্যতম সফল অ্যাথলিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই কৃতিত্ব শুধু কুলপি বা দক্ষিণ ২৪ পরগনার নয়, গোটা পশ্চিমবঙ্গ এবং দেশের জন্য গর্বের।

নাফিসার এই ঐতিহাসিক সাফল্যে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। তাঁর এই অর্জন আগামী প্রজন্মের খেলোয়াড়দের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours