রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ ২৪ পরগনার সাগরে এই প্রথম বিপুল সাড়া জাগাল বামেদের লাল ঝান্ডা। শনিবার সাগরের রুদ্রনগর বাজারে সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এক জনসভায় বাম কর্মী-সমর্থকদের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এই সভা থেকে বিগত তৃণমূল সরকারের পাহাড়প্রমাণ দুর্নীতি এবং বর্তমান বিজেপি সরকারের একনায়কতন্ত্র ও ঔদ্ধত্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বামেদের দুই জনপ্রিয় যুব নেতা মীনাক্ষী মুখার্জি ও সায়ন ব্যানার্জি।
জেলা নেতৃত্বের উপস্থিতিতে এদিনের সভা থেকে রাজ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, তীব্র বেকারত্ব এবং কৃষক ও শ্রমজীবী মানুষের বেঁচে থাকার লড়াইয়ের মতো জ্বলন্ত ইস্যুগুলো তুলে ধরা হয়।
মঞ্চ থেকে মীনাক্ষী ও সায়ন স্পষ্ট জানান, সাধারণ মানুষের হকের দাবি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আগামী দিনে আরও বৃহত্তর ও সংগঠিত আন্দোলন গড়ে তোলা হবে।
রাজনৈতিক মহলের মতে, সাগরের এই বিশাল জনসভা প্রমাণ করছে যে নতুন রাজনৈতিক পরিস্থিতিতেও বামেরা ময়দান ছাড়তে নারাজ, বরং তারা শক্ত হাতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে।


Post A Comment:
0 comments so far,add yours