বঙ্গোপসাগরের রুদ্রমূর্তির কাছে ফের হার মানল আরও একটি ট্রলার! 'জয় মা কালী' ট্রলারের মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বকখালি থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ডুবে গেল 'এফ বি সিদ্ধিবিনায়ক' নামের একটি মৎস্যজীবী ট্রলার। তবে কাছাকাছি থাকা অন্য ট্রলারগুলির তৎপরতায় রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীই।
মৎস্যজীবী সংগঠন ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগেই নামখানা ঘাট থেকে 'এফ বি সিদ্ধিবিনায়ক' ট্রলারটি নিয়ে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিলেন ১৩ জন মৎস্যজীবী।
সোমবার রাতে মাছ ধরার সময় বকখালি উপকূল থেকে ৪৫ কিলোমিটার দূরে উত্তাল সমুদ্রের প্রবল ঢেউ আছড়ে পড়ে ট্রলারটির ওপর।
জলের প্রচণ্ড তোড়ে ট্রলারের তলায় বড়সড় ফাটল ধরে যায় এবং হু হু করে জল ঢুকতে শুরু করে। বিপদ বুঝে মৎস্যজীবীরা চিৎকার শুরু করলে,কাছাকাছি থাকা অন্যান্য মৎস্যজীবী ট্রলারগুলি দ্রুত সেখানে ছুটে আসে।
ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত 'সিদ্ধিবিনায়ক' থেকে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন।এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।


Post A Comment:
0 comments so far,add yours