সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সচেতনতা প্রসারের লক্ষ্যে সাগর থানার উদ্যোগে স্থানীয় ‘ছবি মহলে একটি জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুমন্ত মণ্ডল, বিডিও কানাইয়া কুমার রাও, এসডিপিও, সাগর থানা ও কোস্টাল থানার ওসি, বন দপ্তরের প্রতিনিধি এবং কোস্ট গার্ডের আধিকারিকরা এবং মৎস দপ্তরের আধিকারিক।
মূলত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে মৎস্যজীবীদের সতর্ক করতেই এই সভার ডাক দেওয়া হয়েছিল। সভায় প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের বেশ কিছু কঠোর নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী, সমুদ্রে পাড়ি দেওয়ার সময় প্রতিটি মৎস্যজীবীকে বাধ্যতামূলকভাবে 'লাইফ জ্যাকেট' সঙ্গে রাখতে হবে। এছাড়া, মাছ ধরতে যাওয়ার সময় মৎস্যজীবীদের কাছে প্রয়োজনীয় লাইসেন্স ও নৌকার নথিপত্র অরিজিনাল বা মূল কপি রাখা আবশ্যক।
নিরাপত্তার পাশাপাশি মৎস্যজীবীদের সামাজিক সুরক্ষার দিকটিও গুরুত্ব পেয়েছে এদিনের আলোচনায়। প্রশাসনিক আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন যে, প্রতিটি মৎস্যজীবীর বিমা বা ইনস্যুরেন্স থাকা বাধ্যতামূলক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশিকা মেনে চলতে মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা।


Post A Comment:
0 comments so far,add yours