১৩২ নম্বর সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাগর ব্লকের কোস্টাল থানার সামনে আজ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ভারতীয় জনতা পার্টির একাংশের পুরাতন কর্মী ও সমর্থকরা। মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে এই আন্দোলনে সামিল হন বহু বিজেপি কর্মী ও নেতৃত্ব।


আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে যাঁরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ও সমর্থক ছিলেন, সরকার পরিবর্তনের পর তাঁদের অনেকেই বিজেপিতে যোগদান করেন। অভিযোগ, সেই নতুন যোগদানকারী নেতাকর্মীদের একটি অংশ কোস্টাল থানার মাধ্যমে পূর্বতন বিজেপি কর্মী ও নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করাচ্ছেন।
বিক্ষোভকারীদের দাবি, এই ধরনের মামলার ফলে দীর্ঘদিনের বিজেপি কর্মীরা প্রশাসনিক ও আইনি জটিলতার মধ্যে পড়ছেন এবং মানসিকভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের বক্তব্য, দলের আদর্শ ও সংগঠনকে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে যাওয়া কর্মীদেরই আজ নানা অভিযোগে জর্জরিত হতে হচ্ছে।
প্রতিবাদ সভা থেকে বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানান, অবিলম্বে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধানের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা।

বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কোস্টাল থানা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ঘটনাকে কেন্দ্র করে সাগর ব্লকের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পুরনো ও নতুন কর্মীদের মধ্যে এই বিরোধ ভবিষ্যতে সংগঠনের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়েও নানা মহলে আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে দলের শীর্ষ নেতৃত্ব বা প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সাগরের রাজনৈতিক পরিস্থিতি যে নতুন মাত্রা পেল, তা নিয়ে একমত রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours