সরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ত্রাণ সামগ্রী ব্যক্তিগত দোকানে মজুত করে রাখার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল গঙ্গাসাগরের খাস রামকর চর এলাকা। 


রামকর চর গ্রাম পঞ্চায়েতের ৬৫ নম্বর বুথের তৃণমূল কর্মী ভূপতি মাইতির দোকান থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই দোকানটিতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪৩টি ত্রিপল, ১১ বস্তা মাছের খাবার, ১৩ বস্তা চুন এবং ২ বস্তা মিস। উদ্ধার হওয়া এই সামগ্রীগুলির গায়ে সরকারি এবং বিভিন্ন এনজিওর সিলমোহর ও নাম রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তীব্র বিতর্কের মুখে দাঁড়িয়ে অভিযুক্ত তৃণমূল কর্মী ভূপতি মাইতি সাফাই দিয়েছেন। তিনি দাবি করেছেন, "এই সামগ্রীগুলি আমার নয়। ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি ভোটের আগে নিজের দায়িত্বে এই জিনিসগুলো আমার দোকানে রেখে গিয়েছিলেন।"

বিপর্যয় মোকাবিলা বা দুঃস্থদের সাহায্যের জন্য আসা সামগ্রী রাজনৈতিক নেতার মদতে ব্যক্তিগত দোকানে কেন মজুত রাখা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই ত্রাণ সাধারণ মানুষের মধ্যে বিলি না করে রাজনৈতিক স্বার্থে আটকে রাখা হয়েছিল। ঘটনাটি সামনে আসার পর বিরোধীরা একে বড়সড় দুর্নীতি বলে অভিহিত করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে, বুথ সভাপতির নাম জড়ানোয় অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours