তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, চাঞ্চল্য সাগরের চক ফুলডুবিতে


 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠল সাগর ব্লকের মুড়িগঙ্গা-২ গ্রাম পঞ্চায়েত এলাকা। রবিবার রাতের অন্ধকারে ওই পঞ্চায়েতের চক ফুলডুবি গ্রামের ৩৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে রাখা দুটি সাইকেল পুকুরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে।

 সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। খবর পেয়ে সেখানে যান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র এবং মৎস্য কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, প্রধান গোবিন্দ মণ্ডল সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এলাকাকে অশান্ত করতে এবং রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। এলাকায় নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। রাজনৈতিক এই চাপানউতোরকে কেন্দ্র করে বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে গোটা চক ফুলডুবি গ্রাম জুড়ে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours