লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ল অনুদান: গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো ও মিছিলে মাতলেন মহিলারা


রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের বর্ধিত টাকা অ্যাকাউন্টে ঢুকতেই খুশির জোয়ার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। রবিবার বিকেলে কয়েকশো মহিলা সাগর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধানের নেতৃত্বে কপিল মুনির আশ্রমে সমবেত হন। হাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীকী প্ল্যাকার্ড নিয়ে তাঁরা বিশেষ পুজো ও আরতি সম্পন্ন করেন। এবারের বাজেটে অনুদানের অঙ্ক এক ধাক্কায় অনেকটাই বাড়িয়েছে রাজ্য সরকার।

 সাধারণ জাতিভুক্ত মহিলারা এখন ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকার পরিবর্তে ১৭০০ টাকা পাচ্ছেন। ইতিমধ্যে অধিকাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গিয়েছে। পুজো শেষে গঙ্গাসাগর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মহিলাদের কণ্ঠে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা এবং ২০২৬-এর নির্বাচনে ফের তাঁর জয়ের প্রার্থনা। স্বপন কুমার প্রধান জানান, "মুখ্যমন্ত্রী বাংলার মা-বোনেদের যে সম্মান দিয়েছেন, তার কৃতজ্ঞতা জানাতেই আজকের এই আয়োজন।" সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা গ্রামীণ অর্থনীতির পাশাপাশি মহিলাদের আত্মবিশ্বাসেও নতুন অক্সিজেন জোগালো।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours