পথনিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ও বকখালি এসটিজি। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ কয়লাঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন জনবহুল বাজার এলাকায় আয়োজিত হয় ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি।
এই কর্মসূচিতে পুলিশ আধিকারিকরা বাজারের ব্যবসায়ী, পথচারী এবং বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে সরাসরি কথা বলে নিরাপদে গাড়ি চালানোর বার্তা দেন। বাইক চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট পরিধান, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর বিষয়ে সচেতন করা হয়।
পাশাপাশি, পথ দুর্ঘটনা রোধে ছোটবেলা থেকেই সচেতনতা গড়ে তুলতে নারায়নীতলা ধনেশ্বর শিক্ষাসদন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট এবং একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা একসঙ্গে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল, অ্যাডিশনাল এসপি (হেডকোয়ার্টার), নামখানার সিআই, সাগরের এসডিপিও, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি-সহ পুলিশের অন্যান্য আধিকারিক এবং নারায়নীতলা ধনেশ্বর শিক্ষাসদন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্র-ছাত্রীরা।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার এই সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও অভিভাবকেরা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে পথ দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে এবং ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও আরও বৃদ্ধি পাবে।
ফ্রেজারগঞ্জ থেকে মুন্না সরদারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম।


Post A Comment:
0 comments so far,add yours