শনিবার মহম্মদ বাবলু এক রোগীকে নিয়ে ইসলামপুর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন। সেই সময় ঘোষপুকুর টোল প্লাজায় একটি গাড়ির চালকের সঙ্গে টোল কর্মীদের বচসা বাধে। সামান্য টোল দেওয়াকে কেন্দ্র করেই ওই বিবাদের সূত্রপাত বলে জানা যায়।
টোল দেওয়াকে কেন্দ্র করে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি
সামনে এল চাঞ্চল্যকর ছবি
বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট
ইসলামপুর: সামান্য দূরত্ব নয়, একেবারে ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার কর্মীকে নিয়ে ছুটল গাড়ি। চাঞ্চল্যকর ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। শিউরে ওঠার মতো এই ঘটনার ভিডিয়ো নিজের ক্যামেরায় রেকর্ড করেন ইসলামপুর শহরের বাসিন্দা মহম্মদ বাবলু। তাতেই দেখা যায় অসমের নম্বর প্লেট লাগানো একটি ছোট গাড়ির পিছনের অংশে ঝুলছেন টোল প্লাজার এক কর্মী। ওই অবস্থাতেই তাঁকে নিয়ে প্রায় ১২ কিলোমিটার পথ বেপরোয়া গতিতে ছুটে যায় গাড়িটি।
জানা গিয়েছে, শনিবার মহম্মদ বাবলু এক রোগীকে নিয়ে ইসলামপুর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন। সেই সময় ঘোষপুকুর টোল প্লাজায় একটি গাড়ির চালকের সঙ্গে টোল কর্মীদের বচসা বাধে। সামান্য টোল দেওয়াকে কেন্দ্র করেই ওই বিবাদের সূত্রপাত বলে জানা যায়। ঝামেলার কিছুক্ষণের মধ্যেই টোল প্লাজা থেকে কিছুটা দূরে বাবলু দেখতে পান, ওই গাড়ির পিছনের দরজায় এক ব্যক্তি বিপজ্জনকভাবে ঝুলছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই তিনি নিজের গাড়ি নিয়ে ওই গাড়িটির পিছু নেন।
এদিকে সেই সময় একেবারে নাটকীয়ভাবে ঘাতক গাড়ির চালক একের পর এক লরিকে ওভারটেক করে অত্যন্ত দ্রুত গতিতে পালানোর চেষ্টা করছিল। প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করার পর, বাবলু ও অন্যান্য পথচারীদের সহায়তায় গাড়িটিকে শেষমেশ আটকানো সম্ভব হয়। শেষ পর্যন্ত গাড়ির পিছনে ঝুলতে থাকা টোলকর্মীকে নিরাপদেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর দেওয়া হয় জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক-সহ গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন ঝামেলা, কী করে এমনটা ঘটল সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


Post A Comment:
0 comments so far,add yours