দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নন্দকুমারপুর অঞ্চলের ২৯৭ নম্বর বুথে তৃণমূল পঞ্চায়েত সদস্য উত্তম মান্নার গোডাউনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি মাছের খাবার, স্প্রে মেশিন এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে ওই গোডাউনে মজুত করে রাখা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী গোডাউনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, শতাধিক বস্তা মাছের খাবার সাধারণ উপভোক্তাদের মধ্যে বিতরণ না করে গোডাউনে জমা রাখা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ।
পুলিশের উপস্থিতিতে গোডাউন খুলে দেখা হলে সেখানে বিপুল পরিমাণ মাছের খাবারের বস্তা, স্প্রে মেশিন এবং অন্যান্য সরকারি সামগ্রী মজুত রয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে এই সামগ্রী গোপনে মজুত রাখা হয়েছিল।
বিক্ষোভকারীরা অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য উত্তম মান্নার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের আরও কিছু উচ্চপদস্থ নেতার যোগসাজশ থাকতে পারে বলেও অভিযোগ তোলা হয়েছে।
যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। পুলিশ গোডাউনটি সিল করে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্তের ওপরই নজর রয়েছে এলাকাবাসীর।


Post A Comment:
0 comments so far,add yours