*শুভেন্দুর ক্যাবিনেটে কি সাগরের সুমন্ত? সোশ্যালে ভাইরাল ‘মৎস্য ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী’র নাম; আশায় বুক বাঁধছেন মা ও সাগরবাসী*


বাংলার রাজনৈতিক মানচিত্রে এক নতুন যুগের সূচনা হলো। শুক্রবার ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পাঁচজন পূর্ণ মন্ত্রীর নাম ঘোষণা হলেও, সাগরের মানুষের নজর এখন আটকে রয়েছে তাঁদের ঘরের ছেলে সুমন্ত মণ্ডলের দিকে। যদিও প্রথম দফায় তাঁর নাম ঘোষণা হয়নি, তবে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক অলিন্দে জোরালো খবর— সুন্দরবন উন্নয়ন ও মৎস্য দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন এই উচ্চশিক্ষিত শিক্ষক-বিধায়ক।
শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন ফ্রেজারগঞ্জের বাড়িতে টিভির পর্দার সামনে এক মুহূর্তের জন্যও সরেননি সুমন্ত মণ্ডলের মা ও পরিবারের সদস্যরা। প্রথম দফার পাঁচ মন্ত্রীর তালিকায় ছেলের নাম না থাকলেও আশা ছাড়েননি তাঁরা। সাগরের মানুষের বিশ্বাস, শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত এবং শিক্ষিত ভাবমূর্তির নেতা হিসেবে সুমন্ত মণ্ডলের জায়গা মন্ত্রিসভায় পাকা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুমন্ত মণ্ডল কেবল একজন বিধায়ক নন, তিনি একজন পেশাদার শিক্ষক এবং দীর্ঘদিনের সমাজসেবী। দক্ষিণ ২৪ পরগনার মতো কঠিন জমিতে বিজেপির সংগঠনকে ধরে রাখা এবং উপকূলীয় মানুষের সমস্যা নিয়ে তাঁর স্পষ্ট জ্ঞানই তাঁকে মন্ত্রিসভার দৌড়ে এগিয়ে রাখছে। বিশেষ করে সুন্দরবন উন্নয়ন এবং মৎস্য দপ্তরের জন্য তাঁর মতো স্থানীয় ও উচ্চশিক্ষিত মানুষের প্রয়োজন রয়েছে বলে মনে করছে দলের অন্দরমহল।
প্রাথমিক পাঁচ মন্ত্রীর নাম ঘোষণার পর এখন জল্পনা তুঙ্গে পরবর্তী তালিকা নিয়ে। সাগরবাসীর প্রত্যাশা, মন্ত্রিসভা সম্প্রসারণের সময় সুমন্ত মণ্ডলের নাম ঘোষণা হবেই।


গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ ডট কম নিউজ টিম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours