গঙ্গাসাগরে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত টোটো চালক, কাঠগড়ায় বিজেপি নেতা


ফের পথ দুর্ঘটনার রক্তারক্তি কাণ্ড দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। কচুবেড়িয়া থেকে সাগর যাওয়ার পথে একটি দ্রুতগামী প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক টোটো চালক। শনিবার রাতে সাগরের বইচ বাড়ি এলাকায় ঘটে এই দুর্ঘটনা।


স্থানীয় সূত্রে খবর, কচুবেড়িয়া থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টোটো ভ্যানকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি রক্তাক্ত টোটো চালককে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় বিজেপি নেতা পিনাকী মণ্ডলের দিকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় চার নম্বর মণ্ডল সভাপতি পিনাকী মণ্ডল মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও এই অভিযোগ খতিয়ে দেখছে প্রশাসন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করা হয়েছে। অভিযুক্ত নেতা কি সত্যিই মদ্যপ ছিলেন, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপত্তি— তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours