বুধবার হেয়ার স্ট্রিট থানায় সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছেন কল্যাণ। তাঁর দাবি, উস্কানিমূলক বক্তব্য রাখছেন বোস।


 সি ভি আনন্দ বোস। বাবার নাম পি কে বসুদেবন নায়ার। এইভাবেই অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। পদ উল্লেখ না করেই অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। তবে এখানেই শেষ নয়। রাজ্যপালের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে চলেছেন তিনি। প্রথমে রাজভবনে বোমা রাখার দাবি দিয়ে শুরু। আর এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম নিলেন কল্যাণ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীরামপুরের সাংসদ বলেন, “আমি সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করেছি, যার বাবার নাম পি কে বসুদেবন নায়ার, যিনি রাজভবনে থাকেন।” তাঁর দাবি, রাজ্যপাল ইচ্ছাকৃত এমন কিছু মন্তব্য করেছেন, যা আদতে উস্কানি দিচ্ছে। সরকারের বিরুদ্ধে লড়াই করার প্ররোচণা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন কল্যাণ।



তৃণমূল সাংসদ আরও বলেন, ওঁর কথাতেই বিজেপি পুলিশকে মারে। ভেঙেচুরে দিতে উস্কানি দেন। এরপরই আক্রমণ শানিয়ে কল্যাণ বলেন, “আমি চারবারের সাংসদ। মানুষ আমাকে নির্বাচিত করেছে। আর উনি অমিত শাহর পা ধরে রাজ্যপাল হয়েছেন। খেলা কি উনি একাই জানেন! খেলা হবে।” 

এদিকে, এই ইস্যুতে পিছিয়ে নেই বিজেপিও। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন, “তৃণমূল ভয়ঙ্কর। পুলিশও ভয়ঙ্কর। রাজভবনের মর্যাদা রক্ষার জন্য নির্দিষ্ট ধারায় এফআইআর করেছেন রাজ্যপাল। পুলিশ ব্যবস্থা না নিলে কেন্দ্রীয় সংস্থাকে বলব।”

মঙ্গলবারই শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় রাজভবনের তরফে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে বিএনএস-এর ১৫১, ১৫২ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। আর এবার পাল্টা অভিযোগ করেছেন কল্যাণ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours