অসমে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাকদ্বীপের বাসিন্দার।
ভিনরাজ্যে ফের মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সোমনাথ জানা। বছর ২৭ এর ওই পরিযায়ী শ্রমিক দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার বামানগর পার্বতীপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, সোমনাথ জানার পরিবারে আর্থিক অনটন চলছিল। সেই অনটন মেটাতেই গ্রামের উচ্চশিক্ষিত ছেলে অসমে একটি কারখানায় পরিযায়ী শ্রমিকের কাজে যান।
মৃত যুবক অসমে একটি সোলার প্লেট তৈরির কারখানায় কাজ করতেন। আইটিআই পাশ করা ওই যুবক কারখানায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। সোমনাথের বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা-মা এবং একমাত্র বোন। তাঁদের দায়িত্ব ছিল সোমনাথের কাঁধে। প্রায় পাঁচ বছর ধরে অসমের এক কারখানায় কাজ করছিলেন তিনি। গত ১৬ আগস্ট অসম থেকে বাড়িতে ফেরেন। মঙ্গলবার ফের বাড়ি থেকে রওনা দেন অসমের উদ্দেশে। বৃহস্পতিবার থেকে হঠাৎই সোমনাথের সঙ্গে ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের। ফোনে কোনও খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা, মা ও বোন।
বাড়িতেই অসুস্থ বাবা-মা এবং একমাত্র বোনের ভরসা ছিলেন তিনি। সোমনাথের খবর না পাওয়ায় তারা চিন্তিত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত জানা গিয়েছে, অসমে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোমনাথের। এই খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হয়েছেন। এ নিয়ে মৃতের বাবা গৌরহরি জানা জানিয়েছেন, তাঁদের সব শেষ হয়ে গিয়েছে। পরিবারের পাশে যাতে রাজ্যের সরকার এসে সহযোগিতা করে খুব ভাল হয়।


Post A Comment:
0 comments so far,add yours