বিজেপির বিজয়া মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর উপকূল। বিজেপির বিজয়া মিছিল ঘিরে রবিবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোম্পানি ছাড় এলাকা।
অভিযোগ, তৃণমূলের এক বুথ সভাপতির বাড়িসহ মোট চারটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে এলাকায় একটি বিজয়া মিছিলের আয়োজন করেছিল বিজেপি। অভিযোগ, মিছিলটি যখন কোম্পানি ছাড় এলাকার ২৫ নম্বর বুথের পাশ দিয়ে যাচ্ছিল, তখন একদল বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলের বুথ সভাপতি রাজু শেখের বাড়িতে চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বাড়ির বিদ্যুতের লাইনে ‘জাম্পার’ ফেলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর চলে ব্যাপক ভাঙচুর। ওই সময় বুথ সভাপতি বাড়িতে না থাকায় তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা চলে এবং শেষে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে ওই এলাকায় মোট চারটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছায় সাগর থানার বিশাল পুলিশ বাহিনী। অগ্নিকাণ্ডের ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশি টহল জারি রাখা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য চঞ্চল পন্ডা জানান, "সাগর বিধানসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির জয় লাভ করেছে, তাই ওই এলাকায় বিজয় মিছিল চলছিল। সেই সময় বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য নিজেরাই ভাঙচুর চালিয়েছে। এর সঙ্গে বিজেপি কোন রকমে যুক্ত নয়। বিজেপির ছেলেদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।"
ঠিক কী কারণে এই হামলা এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours