২ বছর বয়সে ১৩৫টি দেশের রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললো বিস্ময়কর শিশু!
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছে এক বিস্ময়কর প্রতিভা,মাত্র দুই বছরের শিশু আরিশ লস্কর। বয়সে এখনও হাঁটতে ও খেলতে শেখার পর্যায়ে, কিন্তু মেধা ও স্মৃতিশক্তির অসাধারণ জোরে সে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ।
আরিশের মা রাইচা লস্কর জানান, মাত্র এক বছর বয়স থেকেই ছেলের অদ্ভুত স্মৃতিশক্তি তিনি টের পান। তাই খেলাধুলার পাশাপাশি শিক্ষামূলক বিষয় শেখাতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই আরিশ শিখে ফেলে— ৫৩ প্রকারের কিট পতঙ্গ, ৪১টি সবজি, ৩৫টি প্রাণী, ২৫ প্রকারের মাছ, ২০টি ক্রিয়া, শরীরের ২০টি অঙ্গ, এবং ২০টি পেশাজীবীর নাম। এগুলো সে ইংরেজি ও বাংলায় অনর্গল বলতে পারে। আরও অবাক করা বিষয়— বিশ্বের ১৩৫টি দেশের রাজধানীর নামও তার ঠোঁটস্থ।
এই অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ ২০২৫ সালের ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করে। দুই বছর বয়সে এত বৈচিত্র্যময় তথ্য মনে রাখা এবং নিখুঁতভাবে প্রকাশ করার ক্ষমতা সত্যিই বিরল, যা আরিশকে সমবয়সীদের থেকে অনেক এগিয়ে রেখেছে। গ্রামের মানুষদের কাছেও এখন আরিশ এক গর্বের নাম। প্রতিবেশীরা বলেন, “এমন প্রতিভা আমরা আগে দেখিনি।” খেলাধুলার বয়সে যখন আরিশ দেশের রাজধানীর নাম, পতঙ্গের ধরন বা পেশাজীবীর নাম বলে, তখন সবার চোখ কপালে ওঠে।
বাবা-মায়ের লক্ষ্য, কোনো চাপ ছাড়াই আনন্দের মাধ্যমে ছেলেকে শেখানো। রাইচা লস্করের ভাষায়, “আমরা চাই ও পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত থাকুক। তবে ওর প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নিতে আমরা সবসময় পাশে থাকব।”
আরিশের বাবা সাজ্জাত লস্কর, যিনি পেশায় স্থানীয় মুদিখানার ব্যবসায়ী, আনন্দের সুরে বলেন,
“আমাদের ছেলে যে এত ছোট বয়সে এত বড় কৃতিত্ব অর্জন করেছে, এটা আমাদের পরিবারের জন্য ভীষণ গর্বের। আমরা চাই ও যেন পড়াশোনা, খেলাধুলা আর নিজের প্রতিভার মধ্যে সঠিক ভারসাম্য রেখে এগিয়ে যায়। কোনোদিনই আমরা চাপ দেব না, ওর আনন্দই আমাদের আনন্দ। তবে আমরা সবসময় ওর পাশে থেকে দিশা দেখাব, যাতে এই প্রতিভা সঠিক জায়গায় পৌঁছাতে পারে।”
আরিশের এই অর্জন শুধু পরিবারের নয়, গোটা জয়নগর ও দক্ষিণ ২৪ পরগনার জন্য এক গর্বের মুহূর্ত। তার সাফল্য প্রমাণ করে, বড় স্বপ্ন দেখতে বয়সের কোনো সীমা নেই।


Post A Comment:
0 comments so far,add yours