চাকরি চেয়ে সরাসরি কলকাতা পুলিশের প্রধান কার্যালয়ে ফোন যুবকের। শুধু তাই নয়, আত্মহত্যার হুঁশিয়ারিও দেন তিনি। ফোন করে তিনি বলেন, 'চাকরি দিন, নইলে আত্মহত্যা করব।' এই ফোন পাওয়ামাত্রই হুলুস্থুলু পড়ে যায় লালবাজারে। খুঁজে বের করা হয় যুবককে।
লালবাজার সূত্রে খবর, মঙ্গলবার সকালে লালবাজার কন্ট্রোল রুমে ১০০ নম্বরে ডায়াল করে ফোন করেন এক যুবক। ফোনে ওই যুবক হুঁশিয়ারি দেন, তাঁকে চাকরি দিতে হবে, না হলে তিনি আত্মহত্যা করবেন। যুবকের এই কথায় হকচকিয়ে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এরপরই নম্বরটি ট্র্যাক করে তদন্তে নেমে পড়ে পুলিশ। লাল বাজার থেকে পরে থেকে ফোন যায় আলিপুর থানায়, জানানো হয় যুবকের ঠিকানা।
ওই ফোন পাওয়ার পর ১৯ নম্বর আলিপুর রোডে ওই যুবকের বাড়িতে যায় পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম ওয়াসিম খান। বছর পঁয়ত্রিশের ওয়াসিম পেশায় গাড়ির চালক। করোনায় লকডাউনের জেরে বাড়িতেই রয়েছেন।
যুবকের এই কাণ্ডকারখানা শুনে অবাক প্রতিবেশীরাও। একাংশের দাবি, মদ্যপান করেই এই কাজ করেছেন ওয়াসিম। যদিও অনেকের মতেই, কোন আয় না থাকায় রীতিমত হতাশায় ভুগছেন ওয়াসিম। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁকে কাউন্সেলিংয়ের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিছক চাকরির আশাতেই লালবাজারে ফোন করেছিলেন তিনি, না কি এই ফোনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে আলিপুর থানার অফিসারেরা।


Post A Comment:
0 comments so far,add yours