পরিযায়ী শ্রমিক শক্তিপদ দাসের মৃত্যুতে শোকাতুর সাগর, পরিবারের পাশে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে গঙ্গাসাগরের পরিযায়ী শ্রমিক শক্তিপদ দাসের। সেই শোকাতুর পরিবারের পাশে দাঁড়াতে এবার সরাসরি তাঁদের বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি সাগর থানার কমলপুর ২ নম্বর কলোনিতে গিয়ে নিহিত শ্রমিকের পরিজনদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের শোক ভাগ করে নেন। প্রশাসন ও পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার টানে তামিলনাড়ুর একটি ইট ভাটায় কাজ করতে গিয়েছিলেন ৪৫ বছর বয়সী শক্তিপদ দাস। গত মঙ্গলবার দুপুর নাগাদ ইট কাটা মেশিনে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় তাঁর দেহ। ঘোড়ামারার নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে কমলপুর কলোনিতে নতুন করে সংসার গড়ার লড়াই শুরু করেছিলেন তিনি। কিন্তু এই অকাল মৃত্যুতে সেই লড়াই এক ধাক্কায় থমকে গেল।
এদিন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পরিবারের হাতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি মৃত শ্রমিকের স্ত্রীর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আগামীদিনেও সর্বতভাবে পাশে থাকার আশ্বাস দেন। মন্ত্রী জানান, "এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। সরকার সবসময় পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের কথা ভাবে। আমরা এই দুঃসময়ে পরিবারটির পাশে আছি।"
মর্মান্তিক এই ঘটনার পর তামিলনাড়ুতেই মৃতদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের পর প্রশাসনিক সহায়তায় নিথর দেহটি ধর্মীয় রীতি মেনে তাঁর সৎকাজ সম্পন্ন করা হয়েছে। মন্ত্রীর এই মানবিক তৎপরতা ও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


Post A Comment:
0 comments so far,add yours