ভিআইপিকে ও ছাড় নেই, নিজের নথি নিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির মথুরাপুরের সাংসদ!
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার আওতায় জারি হওয়া নোটিশের পর নিজের নথিপত্র নিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তিনি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে অবস্থিত শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।
প্রায় দু-দিন আগে মথুরাপুরের সাংসদ বাপি হালদারের বাড়িতে এসআইআর সংক্রান্ত একটি নোটিশ পৌঁছয়। ওই নোটিশে তাঁর বাবার নামের বানান সংক্রান্ত নথিগত গরমিলের কথা উল্লেখ করা হয়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, এই অসঙ্গতির ব্যাখ্যা ও প্রমাণ পেশ করার জন্য তাঁকে নির্দিষ্ট দিনে শুনানিতে হাজির হতে হবে। মঙ্গলবার শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে সাংসদ প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। এখন দেখার বিষয়, তাঁর বাবার নাম সংক্রান্ত এই নথিগত গরমিল দ্রুত সংশোধন করা হয় কি না। উল্লেখযোগ্যভাবে,
এসআইআর নোটিশকে ঘিরে শুধু সাংসদ নন, সাধারণ মানুষের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়েছে। নামের বানান, বয়স, ঠিকানা কিংবা পারিবারিক তথ্যের সামান্য ভুলের কারণেই লক্ষ লক্ষ ভোটার নোটিশ পাচ্ছেন বলে অভিযোগ উঠছে। এই তালিকায় কোনও ভিআইপি ছাড় নেই-সাংসদের শুনানিতে হাজির হওয়াই সেই বার্তা আরও স্পষ্ট করল।
এদিকে, এসআইআর প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া উদ্বেগ ও আতঙ্কের জেরে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। উল্লেখ্য, গত পরশু মথুরাপুরের আবাদ ভগবানপুর এলাকায় সাবির হোসেন ব্যাপারী এসআইআর নোটিশ পাওয়ার পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। এমন ঘটনার সাক্ষী রয়েছে হাজার হাজার মানুষ। এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের ভূমিকাকেই দায়ী করছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ।


Post A Comment:
0 comments so far,add yours