কেবল ধরপাকড় বা জরিমানা নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েই দুর্ঘটনা কমাতে চাইছে সুন্দরবন পুলিশ জেলা। বুধবার কাকদ্বীপ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া ও হসপিটাল রোড সংলগ্ন এলাকায় এক বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ট্রাফিক সিগন্যাল এবং পথ সুরক্ষা বিধি সম্পর্কে পথচারী ও চালকদের বিশেষ বার্তা দেওয়া হয়।


এদিনের কর্মসূচিতে সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কাকদ্বীপ ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ব্যস্ততম হসপিটাল রোড সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে ট্রাফিক সিগন্যালের খুঁটিনাটি বুঝিয়ে বলেন তাঁরা। মূলত সিগন্যাল না মানার ফলে কীভাবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, সেই ছবিই এদিন সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

জনসচেতনতা মূলক এই প্রচারের মূল লক্ষ্য ছিল বাইক আরোহীরা। ওসি সঞ্জয় পাল এদিন অভিভাবকদের উদ্দেশে বিশেষ আবেদন জানান। পরিবারের সন্তানরা যাতে বিনা হেলমেটে বাইক না চালায় এবং গতির নেশায় না মেতে ওঠে, সে বিষয়ে তাঁদের সতর্ক করেন তিনি। পুলিশের পক্ষ থেকে বোঝানো হয় যে, হেলমেটহীন বাইক চালানো কেবল বেআইনি নয়, বরং তা পরিবারের ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দিতে পারে।
গত কয়েকদিন ধরেই সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কখনও ফুটপাত দখলমুক্ত করা, আবার কখনও জাতীয় সড়কে বিশেষ অভিযান চালানো হচ্ছে। পুলিশের এই লাগাতার সক্রিয়তায় খুশি কাকদ্বীপের সাধারণ নাগরিকরা। তাঁদের মতে, পুলিশের এই ধরনের বন্ধুত্বপূর্ণ প্রচার মানুষের মনে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বাড়াতে সাহায্য করবে।


ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours