সাগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে 'জাগো বাংলা' ক্যাম্পের উদ্বোধন করলেন মন্ত্রী
পুণ্যার্থীদের জনজোয়ার আছড়ে পড়ার আগেই সেজে উঠছে সাগরদ্বীপ। জানুয়ারি মাসের ৮ তারিখ অর্থাৎ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ঐতিহাসিক 'গঙ্গাসাগর মেলা ২০২৬'। এই মেলা উপলক্ষে পুণ্যার্থীদের পাশে দাঁড়াতে এবং প্রশাসনিক সহযোগিতা সুনিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও বিশেষ উদ্যোগ নিল সাগর ব্লক ও সাগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ।
সোমবার মহাসমারোহে এই ‘জাগো বাংলা’ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন একঝাঁক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি ও সহ-সভাপতি স্বপন কুমার প্রধান। এছাড়াও জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি, প্রদীপ বালেশ্বর এবং প্রলয় কান্তি বারিকের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে বাড়তি মাত্রা দেয়। সাগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের এই ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দেখা যাবে। মেলা চলাকালীন তীর্থযাত্রীদের জলসেবা, পথনির্দেশ এবং অসুস্থদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব পালন করবেন এই ছাত্র প্রতিনিধিরা। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক ভাবনায় অনুপ্রাণিত হয়ে ছাত্র সমাজ যেভাবে মেলায় সেবামূলক কাজে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।"মেলা শুরুর ঠিক আগের মুহূর্তে এই ক্যাম্পটি একটি নিয়ন্ত্রণ কক্ষের মতো কাজ করবে। কুয়াশা ও কনকনে ঠান্ডার মাঝে পুণ্যার্থীরা যাতে কোনো বিভ্রান্তিতে না পড়েন, তার জন্য এখান থেকে ২৪ ঘণ্টা মাইকিং ও তথ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কথায়, গঙ্গাসাগর মেলাকে বিশ্বমানের করে তুলতে ছাত্র পরিষদের এই সক্রিয় অংশগ্রহণ প্রশাসনের হাতকে আরও শক্ত করল। সব মিলিয়ে, ৮ তারিখ অর্থাৎ আজ থেকে সূচনা মেলার তার আগে ‘জাগো বাংলা’ ক্যাম্পের এই উদ্বোধন সাগরবাসীকে এক নিশ্চিন্ত ও সুশৃঙ্খল মেলার বার্তা দিল।


Post A Comment:
0 comments so far,add yours