জার্মানীর সহায়তায় স্বনির্ভরতার আলো সুন্দরবনে: প্রশিক্ষণ শেষে ইউরো বেকারির দায়িত্ব নিলেন মায়েরা
সুন্দরবনের পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করতে এক অনন্য নজির গড়ল ‘সবুজ সংঘ’। জার্মানী এবং ভারতের যৌথ প্রচেষ্টায় গঙ্গাসাগরের কমলপুরে গড়ে ওঠা ‘সাগর ইউরো বেকারি’ এখন সম্পূর্ণভাবে পরিচালিত হবে স্থানীয় মায়েদের হাতে। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং বেকারির পরিচালনার দায়িত্ব তাঁদের অর্পণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানী কনসুলেটের মাননীয়া কনসাল জেনারেল মিস বারবারা রস। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দো-জার্মানী চেম্বার অফ কমার্সের প্রতিনিধি মি.সৈকত বন্দ্যোপাধ্যায়, ইন্সেটিক ইন্ডিয়া ফোরামের চেয়ারম্যান ডঃ অমল মুখোপাধ্যায়,সংশ্লিষ্ট প্রতিনিধি মিস.ঈশা ডুবে জার্মানী এবং সবুজ সংঘের সম্পাদক শ্রী অংশুমান দাস।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সবুজ সংঘের গণেশ দাস।সুন্দরবনের প্রান্তিক এলাকার মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই লক্ষ্যেই এই ইউরো বেকারি প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। উন্নত মানের বেকিং প্রশিক্ষণ শেষে এদিন মায়েদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এখন থেকে এই বেকারির উৎপাদন থেকে শুরু করে বিপণন—সবই সামলাবেন এই প্রশিক্ষিত মহিলারা। জার্মানী কনসাল জেনারেল মিস বারবারা রস এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, মহিলাদের এই আত্মবিশ্বাস আগামী দিনে সুন্দরবনের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে। সবুজ সংঘের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষও।


Post A Comment:
0 comments so far,add yours