পুলিশ জানিয়েছে, মৃত মহিলা ও তাঁর স্বামী রাহুল শেখের বাড়ি মুর্শিদাবাদে। তাঁরা ডোমজুড়ের জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে একটি বাড়িতে ভাড়া থাকতেন। দু’জনেই কাজ করতেন এলাকার একটি গেঞ্জি কারখানায়। এই কারখানার ঠিকাদার রোশন কুমারের সঙ্গে রাহুলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে বলে জানা গিয়েছে।
স্বামীর চাপে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুড় থানায় গতকাল শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা। পুলিশ ঠিকাদারকে গ্রেফতার করে। এরপরও স্বামী স্ত্রীর ঝামেলা থামেনি বলে প্রতিবেশীদের বক্তব্য।
এদিন ভাড়াবাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে তাঁর স্বামী রাহুল শেখ পলাতক। তাতেই পুলিশের সন্দেহ বেড়েছে, স্ত্রীকে খুন করে পালিয়েছেন রাহুল শেখ। ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
চাঁদনি বোদরা নামে এক প্রতিবেশিনী বলেন, “ওই মহিলা ও তাঁর স্বামী মাসখানেক আগেই এই বাড়িতে ভাড়ায় এসেছিলেন। অনেক সময়ই তাঁদের মধ্যে ঝগড়া হত।” স্বামীই স্ত্রীকে খুন করে পালিয়েছেন বলে তাঁর সন্দেহ।


Post A Comment:
0 comments so far,add yours