ভোটের বাদ্যি বাজার আগেই দেওয়াল দখলের লড়াই গঙ্গাসাগরে।


২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও কয়েকটা দিন বাকি। কিন্তু তার অনেক আগে থেকেই দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। প্রার্থী তালিকা ঘোষণা না হলেও কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে দেওয়াল দখলের লড়াইয়ে বর্তমানে এক কদম এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। সাগর ব্লকের বিভিন্ন মোড়ে এবং গ্রামে গেলেই চোখে পড়ছে দেওয়াল দখলের কর্মযজ্ঞ। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগেভাগেই নিজেদের পছন্দের দেওয়ালগুলি চিহ্নিত করে সাদা চুন কামের পর লিখে রাখছেন— "S/F TMC 2026 All Wall"। অর্থাৎ ‘স্পেস ফর’ তৃণমূল। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, প্রার্থী হিসেবে যাকেই দল মনোনীত করুক না কেন, প্রচারের ময়দানে যেন এক ইঞ্চি জমিও হাতছাড়া না হয়, তাই এই আগাম প্রস্তুতি। সাগর বিধানসভা মানেই

 দীর্ঘদিনের পরিচিত মুখ তথা বর্তমান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ২০০১ সালে প্রথম বিধায়ক হওয়া এই হেভিওয়েট নেতা ২০১১ সাল থেকে টানা তিনবার এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। ২০২১ সালের নির্বাচনে বিজেপি প্রার্থীকে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি হ্যাটট্রিক করেন। বঙ্কিমবাবুর এই শক্ত গড় ধরে রাখাই এখন তৃণমূলের মূল লক্ষ্য। বসে নেই গেরুয়া শিবিরও। তৃণমূলের দেওয়াল দখলের পাল্টা হিসেবে বিজেপির পক্ষ থেকেও শুরু হয়েছে লিখন। তাদের দেওয়াল গুলিতে ফুটে উঠছে বিশেষ স্লোগান— "বাঁচাতে চাই বিজেপি তাই"। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, গত নির্বাচনে হারলেও এবার তারা সাধারণ মানুষের রায় নিয়ে সাগর বিধানসভায় নতুন পরিবর্তনের আশা রাখছেন। সব মিলিয়ে সাগর বিধানসভা এলাকায় এখন উৎসবের আগে প্রস্তুতির আমেজ। একদিকে তৃণমূলের সুসংগঠিত দেওয়াল লিখন, অন্যদিকে বিজেপির পাল্টা চ্যালেঞ্জ— প্রার্থী তালিকার ঘোষণার আগেই সাগরের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours