আর মাত্র কয়েক ঘণ্টা পরেই স্বাধীনতা দিবস। গোটা দেশের পাশাপাশি গঙ্গাসাগরেও বইছে দেশভক্তির জোয়ার। এর মাঝেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের বার্তা নিয়ে এক বর্ণাঢ্য 'হর ঘর তেরাঙ্গা যাত্রা'র আয়োজন করল গঙ্গাসাগরের চৌরঙ্গী জনকল্যাণ বিদ্যালয়।
শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রা ও সাইকেল র্যালিটি হরিণবাড়ি সহ সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের এই যাত্রার মূল আকর্ষণ ছিল কচিকাঁচা ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শত শত শিক্ষার্থী হাতে তেরঙা পতাকা নিয়ে এবং সাইকেল চালিয়ে এই যাত্রায় শামিল হন। তাদের এই উদ্দীপনা ও উৎসাহ স্থানীয় বাসিন্দাদের নজর কাড়ে। ছোট ছোট ছেলেমেয়েদের মুখে 'বন্দে মাতরম' ও 'ভারত মাতা কি জয়' স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও বিশিষ্টজনেরা। আয়োজকদের মতে, ছোট থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের ভাবনা জাগিয়ে তুলতে এবং জাতীয় পতাকার সম্মান রক্ষায় সচেতনতা বাড়াতেই এই বিশেষ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল। তেরঙা পতাকা হাতে ছাত্রছাত্রীদের এই সুশৃঙ্খল পদযাত্রা গঙ্গাসাগরের স্বাধীনতা উদযাপনের আবহকে আরও বেশি রঙিন ও অর্থবহ করে তুলেছে।


Post A Comment:
0 comments so far,add yours