দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কালীনগর দাসপাড়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক সুজিত দাস (৪২)-এর কেরলে রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে, যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই কাজের উদ্দেশ্যে কেরলে যান সুজিত দাস। অভিযোগ, ২৭ জুলাই রাতে তিনি হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই রবিরাম দাস কেরলের পল্লি টাটো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দুষ্কৃতীদের বিরুদ্ধে সুজিতকে মারধর করে হত্যার অভিযোগ তুলেছেন।

পরিবারের দাবি, ফোনে মৃত্যুর খবর পেয়ে তাঁরা হাসপাতালে গিয়ে সুজিতের দেহ শনাক্ত করেন। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে, কেরল পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বা মারধরের অভিযোগের সত্যতা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


ব্যুরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours