রাজনৈতিক সৌজন্য ও শান্তির এক অনন্য নজির সৃষ্টি হলো দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে। ভোট পরবর্তী হিংসার আবহে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন ভাঙচুর হওয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস মেরামত করে তৃণমূল নেতৃত্বের হাতেই ফিরিয়ে দিলেন বিজেপি কর্মীরা। 


গত ৪ঠা জুন নির্বাচনী ফলাফল ঘোষণার পর সাগরে জয়ী হন বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল। অভিযোগ ওঠে, বিজয় উৎসবের আড়ালে কিছু ‘অতি উৎসাহী’ তৃণমূল কর্মী নিজেদের পিঠ বাঁচাতে গেরুয়া আবির মেখে বিজেপির ঝান্ডা হাতে নিয়ে এলাকায় তাণ্ডব চালায়। বিজেপিকে বদনাম করার উদ্দেশ্যে তারা নিজেরাই তৃণমূলের বেশ কিছু পার্টি অফিস ভাঙচুর ও দখল করে সেখানে গেরুয়া পতাকা লাগিয়ে দেয়। বুধবার সন্ধ্যা নাগাদ বিজেপি ৩ নম্বর মন্ডল সভাপতি রাজেশ জানার নেতৃত্বে একদল বিজেপি কর্মী হরিণবাড়ি এলাকায় যান। তাঁরা ওই পার্টি অফিসের তালা খুলে সমস্ত বিজেপির পতাকা ও ফেস্টুন সরিয়ে ফেলেন।


 এরপর সম্পূর্ণ গণতান্ত্রিক সৌজন্য বজায় রেখে পার্টি অফিসটি স্থানীয় তৃণমূল নেতাদের হাতে তুলে দেন তিনি। রাজেশ জানা জানান, "বিজেপি ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করে না। যারা নিজেদের পরিচয় লুকিয়ে আমাদের দলের বদনাম করার চেষ্টা করেছিল, তাদের আমরা সফল হতে দেব না।" সাগরের মাটিতে এই সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ডাক দিয়েছেন তিনি। বিজেপির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours